দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ৯ হাজার ১৬৯ জনকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১৯ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে যৌথ নিরাপত্তা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৪ হাজার ৭৯৭ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ২ হাজার ৬২৩ জন এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ১ হাজার ৭৪৯ জন রয়েছেন।
এ ছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় ১ হাজার ৩৭৩ জনকে আটক করা হয়েছে। দেশটি থেকে অবৈধভাবে বের হওয়ার চেষ্টার সময় আটক হয়েছেন আরও ২১ জন।
আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় দেওয়া, নিয়োগ কিংবা লুকিয়ে রাখতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ২৩ জনকে।
মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে ৩৮ হাজার ৪৮৩ জন আইন লঙ্ঘনকারীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। তাদের মধ্যে পুরুষ ৩৬ হাজার ৩৭৮ জন এবং নারী ২ হাজার ১০৫ জন।
এ ছাড়া ভ্রমণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য ২৪ হাজার ২২ জনকে নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। ভ্রমণের টিকিটের ব্যবস্থা সম্পন্ন করতে পাঠানো হয়েছে ৮ হাজার ৮৪০ জনকে। এরই মধ্যে ১৩ হাজার ৯৩৫ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারীদের দেশে প্রবেশ, পরিবহন, আশ্রয় কিংবা যেকোনো ধরনের সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। এ ছাড়া অপরাধে ব্যবহৃত যানবাহন ও আশ্রয় দেওয়ার জন্য ব্যবহৃত স্থাপনা বাজেয়াপ্ত করা হতে পারে এবং অপরাধীদের পরিচয় প্রকাশ করা হতে পারে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, এ ধরনের অপরাধ গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয় এবং এর জন্য অভিযুক্তদের আটক রাখা যায়। এটি সম্মান ও সততার পরিপন্থী অপরাধ হিসেবেও গণ্য।
আইন লঙ্ঘনের ঘটনা জানাতে জনসাধারণকে আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশে ৯১১ নম্বরে এবং অন্যান্য অঞ্চলে ৯৯৯ অথবা ৯৯৬ নম্বরে ফোন করে অভিযোগ জানানো যাবে। সূত্র: আজেল নিউজ
কে